বান্দরবানে জ্বালানি তেল সংকটে বিপাকে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে তিনি শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সরাসরি উপস্থিত থেকে মালিকপক্ষকে দ্রুত তেল বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। এতে দীর্ঘসময় ধরে লাইনে অপেক্ষমাণ পর্যটক ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এ সময় শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও কয়েকটি পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন এমপি সাচিং প্রু জেরী। তিনি দ্রুত পাম্প খুলে দিয়ে সেবা চালুর নির্দেশ দেন এবং নিজে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্প তখনো বন্ধ ছিল। বিষয়টি জানার পর তিনি সরাসরি সেখানে গিয়ে মালিকপক্ষকে কার্যক্রম চালুর নির্দেশ দেন।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা এমপির হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেন। অনেকেই দ্রুত সমস্যার সমাধান হওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তেল সংকটের কারণে পর্যটননির্ভর বান্দরবানে ভোগান্তি বাড়ছিল। এমপির উদ্যোগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, সবাই যেন প্রয়োজন অনুযায়ী তেল পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ট্যুরিজম মৌসুম বিবেচনায় তেলের বরাদ্দ বাড়ানোর বিষয়েও ফিলিং স্টেশন মালিকদের জানানো হয়েছে।