সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার মধ্য দিয়েই স্বাধীনতার সূচনা হয় এবং সেই ডাক প্রথম উচ্চারিত হয়েছিল চট্টগ্রাম থেকেই। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে মুক্তিযোদ্ধাদের ৯ মাসের আত্মত্যাগ জাতির জন্য অনন্য গৌরবের বিষয়, যার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম হিসেবে বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তা না হলে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ পূর্ণতা পাবে না। একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সফিজুল ইসলাম, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফয়সাল আহমদ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

সভায় বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী, এএইচএম জিলানী চৌধুরী এবং দিলীপ কান্তি দাশ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

ভিডিও