চলতি মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে ২৫টি জাহাজ থেকে জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হয়েছে। এছাড়া ২৫ মার্চের মধ্যে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দরের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি মাসের প্রথম ২২ দিনে বন্দরে ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ শেষ হয়েছে।
ওমান থেকে আসা এলপিজি সেভান নামে একটি ভেসেল থেকে রোববার এলপিজি খালাসের কাজ চলছিল।
অন্যদিকে থাইল্যান্ড থেকে তেল (বেইস অয়েল) নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।
চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে পথে আছে বিডব্লিউইকে বর্নহোম ও মর্নিং জেইন নামে আরো দুটি জ্বালানি পণ্যবাহী জাহাজ।
রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এ মাসে আজ (রোববার) পর্যন্ত ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।
“ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ জাহাজ থেকে এলপিজি গ্যাস খালাসের কাজ চলছে। আরো দুটি জাহাজ বন্দরের পথে। আশা করি ২৫ মার্চের মধ্যে সেই দুটি জাহাজও পৌঁছাবে।”
ইতিমধ্যে যে ২৫টি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, ভারত, অষ্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকে যাত্রা শুরু করা জাহাজ আছে।
এরমধ্যে ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ছয়টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), একটি ক্রুড অয়েল (অপরিশোধিত তেল), পাঁচটি গ্যাস অয়েল (হালকা জ্বালানি তেল), দুটি বেইস অয়েল, চারটি এইচএসএফও (হাই সালফার ফুয়েল অয়েল) ও একটি এমইজিবাহী জাহাজ আছে।