চট্টগ্রামে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে গেছে মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকশ পোশাক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় নগরীর অলংকার মোড় এলাকায় ‘জয় ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। ফলে ব্যস্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, সকাল সকাল শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় এসে দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ করলেও কোনো সাড়া পাননি শ্রমিকরা।
ঈদের আগে বকেয়া বেতন দেওয়ার ঘোষণা থাকা সত্ত্বেও মালিক কারখানা বন্ধ করে পালিয়ে যাওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। একপর্যায়ে তারা কারখানার সামনের প্রধান সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন, যা পুরো সড়ক জুড়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ভুক্তভোগী শ্রমিকরা বলেন, “কয়েকদিন পরেই ঈদ। অথচ আমাদের গত দুই মাসের বেতন বকেয়া। মঙ্গলবার সকালে এসে দেখলাম মালিক সব বন্ধ করে পালিয়েছে। এখন আমরা সন্তানদের মুখে কী তুলে দেব? আমাদের পাওনা না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।”
শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, ওই কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করেন এবং আগেও বেতন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এবারও ঈদের ঠিক আগে মালিক কারখানা বন্ধ করে পালিয়েছে।
তিনি আরও বলেন, মালিকের স্ত্রীসহ পরিবারের সদস্যরাও নিজেদের বাসায় তালা দিয়েছেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের দাবি পূরণের চেষ্টা করছে।