বুধবার, ১৭ জুন ২০২৬

এক বছরে রোহিঙ্গা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা গত এক বছরে প্রায় ১ লাখ ৭৯ হাজার বেড়েছে। সোমবার প্রকাশিত ইউএনএইচসিআরের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। এক বছর পর, ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রোহিঙ্গা সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।

ইউএনএইচসিআর জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে রাখাইন সংকট ২০১৭-এর পর ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে নতুন করে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে, যা বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের প্রধান মো. কামরুজ্জামান বলেন, রোহিঙ্গাশিবিরে বছরে ৩০ থেকে ৩৫ হাজার শিশু জন্ম নেয়। আবার বছরের বিভিন্ন সময়ে কিছু কিছু পরিবার ক্যাম্পে যুক্ত হয়। তবে সংখ্যাটা অতো বড় না হওয়ায় প্রভাব পড়ে না। এই দুই গ্রুপকে ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের ডেটাবেজে যুক্ত করা হয়ে থাকে।

ভিডিও