রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচলও। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জ্বালানি তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সরকার ডিপো থেকে রেশনিং উঠিয়ে দিলেও মাঠ পর্যায়ে কোনও প্রভাব পড়েনি।
রাঙামাটি জেলা শহরের সঙ্গে ছয়টি উপজেলার যোগাযোগমাধ্যম নৌপথ। জ্বালানি সংকটে দুর্ভোগে পড়েছেন নৌপথে যাতায়াতকারী হাজারো মানুষ। ঈদে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা লঞ্চ মালিক সমিতির।
রাঙামাটি থেকে প্রতিদিন বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে ১২ থেকে ১৫টি যাত্রীবাহী স্পিডবোট চলাচল করলেও তেলের সংকটে আজ বন্ধ হয়ে গেছে।শহরের ৫টি ফিলিং স্টেশন এবং দুটি পাম্প থাকলেও কোনোটিতেই নেই জ্বালানি তেল।
রাঙামাটি অভ্যন্তরীণ লঞ্চমালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, ‘আমরা মূলত ঘাটে থাকা পাম্পগুলো থেকে তেল নিতাম। ঘাটের পাম্পগুলোতে গত এক সপ্তাহ ধরে তেল পাওয়া যাচ্ছে না। পরে পাম্পগুলো থেকে ড্রামে করে তেল সংগ্রহ করে চালিয়ে গেলেও তারা পর্যাপ্ত তেল দিচ্ছে না। আমাদের প্রতিদিন বারো শ থেকে তেরো শ লিটার তেলের চাহিদা। যা দিয়ে প্রায় ৪০টি লঞ্চ চলাচল করে। ঈদে এই চাহিদা আরও বেড়ে যায়। এমন হলে ঈদের আগেই লঞ্চ বন্ধ হয়ে যাবে।’
জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘জ্বালানি তেল সংকট নিরসনে কাজ করছে প্রশাসন। খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। লঞ্চ, স্পিডবোট ও ট্যুারিস্ট বোটগুলো যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা গ্রহণে কাজ চলছে। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে মজুত করছে বলে অভিযোগ পেয়েছি। এটি নিরসনে মোবাইল কোট কাজ করছে।’