সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে রাজধানী ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ‘Iftar Distribution & Eid Clothing 2026’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং আসন্ন ঈদ উপলক্ষে নতুন পোশাক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মোট ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি পোশাক দেওয়া হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখেন। কর্মসূচি জুড়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।