শনিবার, ১৩ জুন ২০২৬

নারীদের অগ্রাধিকার দিতেই ফ্যামিলি কার্ড : আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:৪৫

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদেরকে বেছে নিয়েছেন। আর ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে তিনি নারীদেরকেই অগ্রাধিকার দিয়েছেন। বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা আছে, সে সক্ষমতায় বর্তমান সরকার চার কোটি মানুষকে এই ফ্যামেলি কার্ডের আওতায় নিয়ে আসছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ফ্যামেলি কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আগামী দিনে আরো সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের আছে। এই কার্ড দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। দারিদ্র বিমোচনের ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রকল্প মাইফলক হয়ে থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। এ জন্য ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নারীদের সক্ষমতা বাড়ানো না গেলে, নারীর ক্ষমতায়ন করা না গেলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।

ভিডিও