শনিবার, ১৩ জুন ২০২৬

পেঁয়াজের দাম পাইকারিতে কম, খুচরায় বেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:০৩

চট্টগ্রামের পাইকারি বাজারে যে পেঁয়াজ কেজিপ্রতি ১৮ টাকায় বিক্রি হচ্ছে, একই পেঁয়াজ খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। আবার যে পেঁয়াজ পাইকারিতে কেজি ২৮ টাকা তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। খুচরা পর্যায়ের দোকানি ও ফড়িয়ারা সিন্ডিকেটের মাধ্যমে তুলনামূলক বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে দরপতনের এই সুফল ভোক্তারা ভোগ করতে পারছেন না।

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাই পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে জাত, মান ও আকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮ থেকে ৪০ টাকায়। এখানে প্রায় সব আড়তেই পেঁয়াজের মজুত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে দেশে পেঁয়াজের ভরা মৌসুম। তাই বাজারে আসা পেঁয়াজের শতভাগই দেশি। পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মেহেরপুর থেকে এসব পেঁয়াজ আসছে।

মেসার্স বশর অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবুল বশর বলেন, চাক্তাই ও খাতুনগঞ্জের আড়তে এখন কোনো ভারতীয় পেঁয়াজ নেই। সবই দেশি পেঁয়াজ। ভালো মানের বড় আকারের হালি পেঁয়াজ কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মেহেরপুরি মুড়িকাটা পেঁয়াজ কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাইকারিতে দাম কমলেও খুচরায় কেজিপ্রতি ‍১০ থেকে ১৫ টাকা লাভে পেঁয়াজ বিক্রি করছে দোকানি ও ফড়িয়ারা। খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ (ছোট সাইজ) কেজিপ্রতি ৩০ টাকায় এবং হালি পেঁয়াজ ৩৫/ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি হালি পেঁয়াজ (বড় সাইজ) কেজিপ্রতি ৫৫/৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজারে এখন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু অনেক খুচরা বিক্রেতা অতিরিক্ত মুনাফা করছেন। এতে ভোক্তারা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। তার মতে, প্রশাসনের উচিত বাজার পরিস্থিতি নিয়মিত নজরদারিতে রাখা এবং পাইকারি ও খুচরা দামের মধ্যে সমন্বয় নিশ্চিত করা।

ভিডিও