শনিবার, ১৩ জুন ২০২৬

জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে : ডিআইজি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৪:৩৮

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব।

আজ সোমবার দুপুরে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদেরকে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের অভিযান চলমান। আমরা এখানে ভোর থেকে কাজ করছি। আমাদের মূল ফোকাস ছিল এই বিশাল অংশে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠা করা এবং আমরা সেটি করতে পেরেছি।

তিনি বলেন, এখন থেকে এখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ও পুলিশ বাহিনীর দুটি ক্যাম্প থাকবে। ক্যাম্পের নিরাপত্তাবিধানে যদি এখানে কামান দেওয়া লাগে, আমরা কামান দেব।

সন্ত্রাসীদের ধরতে আজ সকাল ছয়টা থেকে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে আলোচিত কোনো সন্ত্রাসী নেই বলে জানিয়েছেন ডিআইজি।

আহসান হাবীব আরও বলেন, আমরা বিভাগীয় কমিশনার ও প্রশাসনকে অনুরোধ করব, এই এলাকায় প্রশাসনের নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য। এটি কত বড় একটি এলাকা, আপনারা তা কল্পনাও করতে পারবেন না।

এ সময় ডিআইজি জঙ্গল সলিমপুরে সরকারি উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিভাগীয় কমিশনারকে অনুরোধ জানান।

ভিডিও