০
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক কোর্ট হিলে অবস্থিত জিরো পয়েন্ট সংস্কার শেষে নতুন রূপে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য তার সংস্কৃতির শেকড় নির্ধারণ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ঐতিহ্য সংরক্ষণ করা জরুরি।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর কোর্ট হিল পরিদর্শনে গিয়ে জিরো পয়েন্টের জীর্ণ অবস্থা দেখে এর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ আমল থেকেই চট্টগ্রামের কেন্দ্রবিন্দু চিহ্নিত করতে এখানে একটি স্তম্ভ স্থাপন করা হয়েছিল, যা পরবর্তীতে ‘জিরো পয়েন্ট’ নামে পরিচিতি পায়।
সংস্কারের মাধ্যমে জিরো পয়েন্টকে আরও দৃষ্টিনন্দন ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।