বুধবার, ১৭ জুন ২০২৬

নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০৮:১২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং দোকানে মূল্যতালিকা না টাঙানোর দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের কাজির দেউড়ি ও ব্যাটারি গলি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য প্রস্তুত ও বিক্রির পরিবেশ পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে এবং কিছু খাবারে কেওড়াজলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এ অপরাধে কাজির দেউড়ি এলাকার ‘শপিং ব্যাগ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারি গলির ডক্টরস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা না টাঙানোর দায়ে নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। রমজান মাসে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভিডিও