বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ০৫:০৩

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের আদর্শগ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রহিম (৩৯)। েমঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই নুর আহমদ। তিনি বলেন, ঢাকায় ময়নাতদন্তের পর আবদুর রহিমের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের ৭০ শতাংশ শরীর পুড়ে গেছে, চিকিৎসকরা তাকে বাচানোর সব চেষ্টা করেছিলেন। এছাড়া গ্যারেজে থাকা ৪টি জিপসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। এত বড় ক্ষতি আমাদের পরিবারে অন্ধকার নামিয়ে আনল।

মারা যাওয়া আবদুর রহিমের বাড়ি কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা হাউজিং মাঠ এলাকায়। তিনি বিস্ফোরণ হওয়া গ্যাস পাম্পটির পাশে থাকা একটি গ্যারেজের মালিক।

এর আগে গতকাল সোমবার বিকেলে একই বিস্ফোরণে দগ্ধ এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। তার নাম আবু তাহের। তিনি কক্সবাজার শহরের কলাতলীর বাসিন্দা।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে চারটি বাড়ি, একটি গ্যারেজে রাখা ৪০টি গাড়িসহ নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হন অন্তত ১৬ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ভিডিও