বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ৪টি দোকান ভষ্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শহরের উজানী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা না গেলেও ৪টি দোকান ও ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ উজানী পাড়ার একটি দোকানে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং আগুন নেভাতে প্রাথমিকভাবে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টা খানেক চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৪টি দোকান ও ৪টি বসতঘর। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে মানসিক ভারসাম্যহীন স্থানীয় এক ব্যক্তি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।