বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, বিশেষ অভিযানে পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১১:৫৯

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় নগরে একযোগে ‘এস ড্রাইভ’ বা বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার (১ মার্চ) রাতে নগরের ১০টি পয়েন্টে একযোগে এই অভিযান শুরু হয়েছে।

এদিন রাত সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সিএমপি। অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, আমরা নগরবাসীদের কাছ থেকে এই আস্থা অর্জন করতে চাই যে পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে আছে। আপনারা নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, জনসাধারণের মধ্যে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনাই এই অভিযানের অন্যতম মূল উদ্দেশ্য।

পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধীরা বর্তমানে চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। তবে শহরের ভেতর তাদের সম্ভাব্য সব আস্তানায় ১০টি বিশেষ টিম একযোগে তল্লাশি শুরু করেছে। নগরের প্রতিটি প্রবেশপথে কঠোর চেকপোস্ট বসানো হয়েছে যাতে কোনো অস্ত্র শহরে প্রবেশ করতে না পারে।

ব্যবসায়ীর বাসায় ব্যবহৃত আধুনিক অস্ত্রের উৎস সম্পর্কে পুলিশের ধারণা, এগুলো পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করা হতে পারে অথবা কোনোভাবে পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে তদন্তের স্বার্থে এবং আসামিদের গ্রেফতারের সুবিধার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।

সিএমপি জানিয়েছে, এই বিশেষ অভিযান বা ‘এস ড্রাইভ’ নিয়মিতভাবে চলবে যতক্ষণ না অপরাধীদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা দলও মাঠে সক্রিয় রয়েছে।

এর আগে, শনিবার সকালে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় আধুনিক ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকেই অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

ভিডিও