চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা ‘সম্ভব হয়েছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না, এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। ওদেরকে চিহ্নিত করা গেছে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্রগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।
সেই সন্ত্রাসী গ্রুপ হয়ত সুবিধা পায়নি। দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।
নগরীর চন্দনপুরায় শনিবার সকাল সাড়ে ছয়টায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে চাঁদাবাজ যত আছে তাদের সবাইকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার ‘ব্যবস্থা করা হবে। আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর।