,

 

‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : 28 February 2026, 07:07

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে নগরীর চন্দনপুরায় অবস্থিত স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ব্যবসায়ীর পরিবারের ভাষ্য। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন। এর আগে গত ২ জানুয়ারিও বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল।

মুজিবুর রহমান বলেন, ‘বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোন দিয়ে হুমকি দেয়।’

তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায এবার বাড়ির পেছন থেকে গুলি করেছে। এভাবে চলতে থাকলে ব্যবসার সু্ষ্ঠু পরিবেশ যেমন বিঘ্নিত হবে, তেমনি ব্যবসায়ীদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে।’ এ ঘটনায় নিজের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।

টেক্সটাইল, পোশাক, জ্বালানি খাতে ব্যবসা রয়েছে মুজিবুর রহমানের। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত মুজিবুর ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘটনা জেনেছি, ঘটনাস্থলও পরিদর্শন করেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য কাজ করছি।’ এ ঘটনায় কোনো অভিযোগ শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ করেনি বলে জানান তিনি।

ভিডিও