চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন পতেঙ্গা এলাকার একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এই তথ্য জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশব্যাপী বর্তমান সরকারের পক্ষ থেকে যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারমধ্যে একটি কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। যেটি সারাদেশে ইতিমধ্যে প্রচণ্ড রকমের আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি বলেন, গতকালকে আমাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার ১৪টি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরের একটি ওয়ার্ড পতেঙ্গা সেখানেও কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারি কমিশনার মো. মঈনুল হাসান বলেন, পতেঙ্গায় দুটি ওয়ার্ড আছে। সেখানে জনসংখ্যাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনো প্রাথমিক পর্যায়ে আছে। চূড়ান্ত হয়নি কোন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
প্রসঙ্গত, নগরীর এক প্রান্তে পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের অবস্থান। একটি ৪০ নম্বর উত্তর পতেঙ্গা এবং অন্যটি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।