বুধবার, ১৭ জুন ২০২৬

পাহাড় কাটায় বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘সরেজমিন পরিদর্শনে তফসিলভুক্ত স্থানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় দৃশ্যমানভাবে কাটা হয়েছে।’

তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ধারা-৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতির ভিত্তিতে ‘এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট’ করা হয়। প্রতি ঘনফুট ১০০ টাকা হিসেবে ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।’

এছাড়া কর্তনকৃত স্থান পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এবং অনুমোদন ছাড়া ভবিষ্যতে কোনো ধরনের পাহাড় বা টিলা না কাটার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুক্তাদির হাসান।

শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। শুনানিতে সরেজমিন প্রতিবেদন, বিবাদির লিখিত বক্তব্য ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয়।

ভিডিও