অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোই হবে আমাদের মূল অগ্রাধিকার। এই দুই বিষয়কে সামনে রেখেই আমরা এগোবো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে এসব কথা বলেন তিনি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামকে প্রকৃত অর্থেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। বন্দর আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই আমাদের লক্ষ্য।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরেই চট্টগ্রামকে ঘিরে বড়ো প্রত্যাশার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।