রবিবার, ৮ মার্চ ২০২৬

ফলমন্ডিতে ভোক্তা অধিকারের হানা : লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮

চট্টগ্রাম নগরীতে অধিক মূল্যে ফলমূল, গ্যাস সিলিন্ডার বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় সংলগ্ন ফলমন্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ‘মায়াবী ফ্রুটস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া হিসাব সংরক্ষণে অনিয়মের দায়ে ‘মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজ’-কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে ‘সিয়াম কসমেটিক্স’-কে ৪ হাজার টাকা এবং গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির দায়ে ‘হক অ্যান্ড ব্রাদার্স’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিডিও