বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের ব্যানার উধাও

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয়ে ব্যানার লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা উধাও হয়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ের ওই কার্যালয়ের নিচে এনসিপির নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

এর আগে, বিকেলে ব্যানার লাগানো–সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দুই ব্যক্তিকে কার্যালয়ের দরজার ওপর ব্যানার লাগাতে দেখা যায়; ভিডিও ধারণকারীকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। আরেকটি ভিডিওতে এনসিপির ব্যানার ছেঁড়ার দৃশ্য দেখা যায়। ভিডিও দুটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত নয়।

তবে রাত ৮টার দিকে কার্যালয়ে গিয়ে ব্যানারটি আর দেখা যায়নি; কক্ষগুলো তালাবদ্ধ ছিল। এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ব্যানার টানানোর প্রতিবাদ জানাতেই তাদের অবস্থান।

কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে কোনো ব্যানার বা লোকজন পায়নি।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। গত বছরের ২১ অক্টোবর এনসিপির এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল।

ভিডিও