বাংলা একাডেমির ঘোষণা অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। তবে প্রকাশনা ঐক্য দাবী জানিয়েছে, রোজার মাসে মেলা হলে পাঠক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম হবে, তাই ঈদের পর মেলা আয়োজন করা উচিত।
প্রকাশকরা জানান, দেশের ৯০ শতাংশ প্রকাশক মনে করেন, রোজার সময় মেলায় অংশ নেওয়া তাদের জন্য ‘ব্যবসায়িক আত্মহত্যা’র সমতুল্য। তারা চান মেলা সফল ও অন্তর্ভুক্তিমূলক হোক, যাতে লেখক, প্রকাশক ও পাঠক সবাই অংশ নিতে পারেন।
কিংবদন্তী পাবলিকেশনের কর্ণধার অঞ্জন হাসান পবন বলেন, বইমেলা বাংলা ভাষাভাষি প্রকাশক, লেখক ও পাঠকদের আবেগের জায়গা। এবারের আয়োজন যথেষ্ট বিতর্কিত হয়েছে। মূলধারার প্রকাশকরা এতে অংশ নিচ্ছে না।
প্রতিভা প্রকাশের মঈন মুরসালিন বলেন, বাংলা একাডেমির বইমেলা কমিটির স্টল বাণিজ্য বন্ধ করতে হবে। লেখক, পাঠক ও প্রকাশকদের দাবি অনুযায়ী এবারের মেলা ঈদের পর হওয়া উচিত।
জলপরি প্রকাশনীর সাফিয়া খন্দকার রেখা যোগ করেন, এ বছরের বইমেলা হবে স্মরণকালের সবচেয়ে পাঠকহীন। মূলধারার প্রকাশকরা অংশ নিচ্ছে না।
এ অবস্থায় প্রকাশকরা আশা করছেন, ভবিষ্যতে মেলার তারিখ পাঠক সুবিধা ও প্রকাশনা শিল্পের স্বার্থ বিবেচনা করে নির্ধারণ করা হবে।