বুধবার, ১৭ জুন ২০২৬

আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদতক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত একটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থাপন করা একটি সিসি ক্যামেরা ভেঙে চুরি করা হয়েছে। ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা বা নাশকতার উদ্দেশ্যে এটি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন ভোটার।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যায়, সে উদ্দেশ্যেই সিসি ক্যামেরা সরানো হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্র জুড়ে বাড়তি নজরদারি এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও