বান্দরবানে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যালয়টিতে অবস্থান নিয়ে গতকাল রাতেও নেতা-কর্মীরা প্রচারণা চালিয়েছেন। অন্য দিনের মতো প্রচারণা শেষে রাত ১২টার দিকে তারা চলে যান। এরপরই কার্যালয়টিতে আগুন জ্বলে ওঠে।
বিএনপি নেতাদের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানা তারা।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বিএনপি থেকে তার দপ্তরে লিখিত কোনো অভিযোগ আসেনি। পুলিশ তাকে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।