সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণসংবর্ধনায় অংশ নিতে চট্টগ্রামের লাখো নেতাকর্মী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।

গতকাল বুধবার রাত পর্যন্ত বাস, ট্রেন, বিমান ও ব্যক্তিগত পরিবহনে করে হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করেন। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক, রেল ও আকাশ পথে চট্টগ্রাম থেকে আমাদের প্রায় এক লাখ নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

দীর্ঘ ১৮ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও হায়েজে ঢাকার পথে ছুটে যান। আবার অনেকে আকাশ পথেও রাজধানীতে পৌঁছেছেন।

বুধবার রাত ১১টায় চট্টগ্রাম নগরীর বটতলী রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনজুড়ে উপচে পড়া ভিড়। প্রায় সব ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়ে শতশত নেতাকর্মী যাত্রা করেন। কারো হাতে ব্যাগ, কারো হাতে পানির বোতল, আবার কেউ প্রিয়জনকে অভয় দিয়ে সহযোদ্ধাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। প্ল্যাটফর্মজুড়ে নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনা দিতে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানকে।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত তূর্ণা নিশিতা ও মেইল ট্রেনসহ চার দফায় মোট আটটি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এসব ট্রেনের প্রায় ৯০ শতাংশ যাত্রী ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শুধু বুধবারই রেলপথে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। যুবদল ও ছাত্রদল সমন্বয়ের মাধ্যমে আগেভাগেই রেলওয়ের সঙ্গে কথা বলে বগি বরাদ্দ নিশ্চিত করা হয়।

অন্যদিকে একে খান, বিআরটিসি বাস স্টেশন, দামপাড়া, অলংকার, কদমতলী ও সিনেমা প্যালেস এলাকা থেকে প্রতি ১০ মিনিট পরপর ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়। এসব বাসেও একটি আসন খালি ছিল না। অনেকেই দাঁড়িয়ে বা অতিরিক্তভাবে বাসে উঠে রাজধানীর পথে যাত্রা করেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বলেন, দূরত্ব বা কষ্ট কোনো কিছুই নেতাকর্মীদের থামাতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের টানে সবাই ঢাকায় ছুটছেন। আমরা সাধারণ নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করছি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম জানান, গত তিনদিন ধরে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ছেন। মহানগরের ৪৩টি ওয়ার্ড, ১৫টি থানা ও ৩০টি কলেজ শাখার অন্তত ১০ হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বুধবার চারটি ট্রেনে আরও ৫ হাজার নেতাকর্মী রওনা হয়েছেন। তিনি বলেন, ‘আজ আমাদের কাছে চাঁদ রাত, কাল ঈদ। ১৮ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন— এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।’

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কেবল মহানগর থেকেই অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে আরও অনেকেই গেছেন। তিনি বলেন, সবাইকে সুশৃঙ্খল থাকার এবং কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিডিও