সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল তিন হাজার শিক্ষার্থী

শিক্ষার্থীরা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক: ইসরাফিল খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি-২০২৫। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এবার চট্টগ্রামের ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে তিনটি কেন্দ্র পরিদর্শন করেন দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি-২০২৫-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। এ সময় তিনি বলেন, ‌‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।’

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। শিক্ষাকে ভীতিমুক্ত ও আনন্দমুখর পরিবেশে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাকে যেন চাপ হিসেবে নয়, বরং উপভোগ্য করে তোলা হয়। শিক্ষার্থীদের যে বিষয়ে আগ্রহ রয়েছে, সে বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত প্রজন্ম-বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান। তিনি বলেন, ‘মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের বিশাল জনগোষ্ঠী জনশক্তিতে রূপান্তরিত হবে। মেধাবী প্রজন্ম গঠনে দীপ্ত প্রজন্ম বাংলাদেশের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম চৌধুরী, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বেলাল, দীপ্ত প্রজন্ম-বাংলাদেশের পরিচালক আবদুল হক, শফিক আহমেদসহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ।

ভিডিও