সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মহান বিজয় দিবসে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভেদের রাজনীতির পুরনো দুষ্টচক্র ভেঙে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের দেওয়ানবাজারে মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন তুলে ধরে আবারও পুরনো বিভেদমূলক রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়— বিভেদের রাজনীতি শেষ পর্যন্ত দেশ ও জাতিকে বিপর্যয়ের দিকেই ঠেলে দেয়।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবে দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, সেই বাংলাদেশে আবারও পুরনো দুষ্টচক্রের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দল-মতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলেই দেশ গড়ার রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও