সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ষড়যন্ত্র করে নির্বাচনী যাত্রা ব্যাহত করা যাবে না: আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮
২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করছেন আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপির গণতান্ত্রিক নির্বাচনী যাত্রাকে ব্যাহত করা যাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, তা কোনো ষড়যন্ত্রেই থামানো সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যেন বিনা চিকিৎসায় না থাকে— এই লক্ষ্যেই সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় ‘হেলথ কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সব নাগরিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।’

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে নূন্যতম ১০০ শয্যায় উন্নীত করা হবে। দেশের হাসপাতালগুলোর মান উন্নত করে দক্ষ চিকিৎসক গড়ে তোলা হবে, যাতে মানুষকে আর চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়। বিনা চিকিৎসায় যেন কোনো মৃত্যু না হয়— এই প্রতিশ্রুতি নিয়েই বিএনপি কাজ করবে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডস্থ ঘাটফরহাদবেগ এলাকায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নির্বাচন প্রসঙ্গে আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনের উৎসবমুখর পরিবেশে ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদীর ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। পতিত আওয়ামী লীগসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দেখতে চায় না। তারাই এসব হামলার পেছনে জড়িত।’

তিনি প্রশাসনের প্রতি আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

আবু সুফিয়ানের পক্ষ থেকে ডা. ফরহাতুল ইসলাম জিসানের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অংশ নেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. ইফতেখার আমিন রিজভীসহ ডা. সৈয়দ মো. হোসাইন ফাহাদ, ডা. সাইফুল ইসলাম, ডা. ইলামিকা নাফনান ও ডা. আনিকা ফাইরোজ শ্বেতা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, হেলাল চৌধুরী, মাঈনুদ্দিন মো. শহীদ, খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমেদ, এম. এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভিডিও