রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কৃষকদের বিনা জামানতে ঋণ দেওয়া হবে— সাতকানিয়া শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেগুলোর যথাযথ ব্যবহার করতে না পারায় কৃষক আজও বঞ্চিত। রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষিকে পুরোপুরি স্বনির্ভর করা হবে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, বিনা জামানতে ঋণ এবং আধুনিক কৃষি প্রশিক্ষণের আয়োজন করা হবে।’

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়ার কাঞ্চনা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভাগুলোতে সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, সেক্রেটারি জায়েদ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল গনি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আহমদ উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশী। একটি পক্ষ বিভাজন তৈরি করতে সংখ্যাগুরু–সংখ্যালঘু প্রশ্ন তোলে। কিন্তু আমাদের পরিচয়— আমরা সবাই বাংলাদেশী।’

তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন— এ দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কোনো বিভেদ থাকবে না।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে সারাদেশকে শান্তির জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা, শান্তি ও উন্নয়নে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো করে গড়ে তোলা হবে।

শাহজাহান চৌধুরী স্থানীয় জনগণকে উন্নয়ন ও শান্তির প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাতকানিয়া–লোহাগাড়াকে শিক্ষা, শান্তি ও উন্নয়নের রোল মডেল করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।’

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জোটপুকুরিয়া বাজার, লতাপীর বাজার, মথুরা ডাঙ্গা, মনু ফকিরহাট, গোলজানপাড়া, ফুলতলা স্টেশনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ভিডিও