সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লার পক্ষে চট্টগ্রামে তরুণদের ‘রানওয়ে কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০

চট্টগ্রাম–১১ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী মুহাম্মদ শফিউল আলমের সমর্থনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘রানওয়ে কর্মসূচি’। বুধবার (১১ ডিসেম্বর) ইপিজেড স্টীল মিল বাজারের উত্তর পাশ থেকে শুরু হওয়া এ কর্মসূচি সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেইট, বন্দর টিলা, ইপিজেড মোড়, মাইলের মাথা হয়ে সল্ট গোলা রেল ক্রসিং গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং চট্টগ্রাম–১১ আসনের পরিচালক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের পক্ষে হওয়া প্রয়োজন। দাঁড়ি পাল্লার প্রতি তরুণদের সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদের সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম। পরিচালনা করেন চট্টগ্রাম–১১ আসনের সদস্য সচিব ও সদর ঘাট থানা আমীর আব্দুল গফুর।

কর্মসূচির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম–১১ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী মুহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘এ এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করব।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আবু তালেব চৌধুরী। বক্তারা বলেন, চট্টগ্রাম–১১ আসনে উন্নয়ন, ন্যায় ও সুশাসনের প্রতীক হবে দাঁড়ি পাল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিস সম্পাদক শাহেদুল মোরসালীন, ইপিজেড থানা বায়তুল মাল সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড আমীর ওসমান গণি, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ শাহেদ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, ২৮ নং ওয়ার্ড আমীর ও কাউন্সিলর প্রার্থী কবির আহমদসহ বন্দর, পতেঙ্গা, ইপিজেড, সদর ঘাট ও ডাবলমুরিং থানার নেতৃবৃন্দ।

কর্মসূচিতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ‘নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের’ প্রতিধ্বনি ছিল পুরো কর্মসূচিজুড়ে।

ভিডিও