কক্সবাজারের শীর্ষ মাদক কারবারিদের একটি হালনাগাদ তালিকা শিগগিরই প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের হিল ডাউন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, মাদকের পাশাপাশি জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ জেলা। বিশেষ করে উখিয়া ও টেকনাফ সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে মাদক পাচারের চেষ্টা হয়। এ বাস্তবতায় জেলার শীর্ষ মাদক কারবারিদের শনাক্ত করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করবে।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।
এতে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর ফরিদ, মহিলা সংসদ সদস্য শামিমা আরা স্বপ্না, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি/টিএ