,

 

চব্বিশে পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত আমরাই করেছি: এনসিপি নেতা জুবাইর‎

‎আনোয়ারা প্রতিনিধি

প্রকাশ : 6 August 2026, 10:18


‎আনোয়ারায় এক গণসমাবেশে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। তিনি বলেন, ‘২৪ জুলাইয়ের ঘটনা কি আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে। যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, তাদেরকেই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, এ দৃশ্য কি আপনারা দেখেননি?

‎গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

‎বক্তব্যে জুবাইরুল আলম মানিক অভিযোগ করেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে পরিবর্তনের সূচনা হলেও স্থানীয় প্রশাসন কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। তিনি বলেন, উপজেলা ও থানা প্রশাসন বিরোধী শক্তিকে ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো আমরা দেখছি, প্রশাসনের ভেতরে এখনো দলীয় প্রভাব বজায় রাখা হচ্ছে।

‎তিনি আরও বলেন, টিসিবি ও ওএমএস’র মতো সরকারি কল্যাণমূলক খাদ্য সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সরকারি চাকরির নিয়োগে সাধারণ শিক্ষার্থীদের এমপির সুপারিশ আনার কথা বলে চরম বৈষম্য করা হচ্ছে।

‎সমাবেশে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জুবাইরুল আলম মানিক বলেন, ইউএনও ও ওসিকে উদ্দেশ্য করে ওটা তো দলীয়করণের বিষয়ে বলেছিলাম। দলীয়করণের ফলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানায় পুলিশের সাথে মুখোমুখি হয়েছে, সেটাই বলেছিলাম। বক্তব্যটির পুরো অংশ আমার আইডিতে আছে, ওখান থেকে দেখে নিন।

‎তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও সশস্ত্র বাহিনী প্রশাসনের পোশাক ছেড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ক্যাডারদের মতো ভূমিকা পালন করেছিল। ওই সময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল।

ভিডিও