চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব উঠেছে। গতকাল শনিবার ওয়াসার বোর্ড সভায় এ প্রস্তাব দেয় সংস্থাটির বাণিজ্যিক ও রাজস্ব বিভাগ। আবাসিক ও বাণিজ্যিক দুই পর্যাযের গ্রাহকের ক্ষেত্রেই এ প্রস্তাব তোলা হয়েছে। এ জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, ‘আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানোর সুযোগ রয়েছে। সেই হিসাবে দর বাড়ানোর প্রস্তাব এসেছে। আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত না নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রাহকদের সঙ্গে কথা বলে মতামত-সুপারিশ পেশ করবে। সেই সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই পানির দাম বাড়ানো হবে।’
ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটিতে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দে’কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, বোর্ড সদস্য বেগম সৈয়দা জেরিন হোসেন ও রাসেল মিয়া।
বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির দাম ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৭ টাকা। ওয়াসার সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির মোট গ্রাহক সংযোগ ১ লাখ ৪ হাজার ৫১১টি। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশই আবাসিক। ওয়াসা সর্বশেষ ২০২২ সালে পানির দাম ৩৮ শতাংশ বৃদ্ধি করা হয়।
পূর্বতারা/ইউডি