,

 

চট্টগ্রামে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 31 July 2026, 02:51

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জিল্লুর রহমান পশ্চিম সরল এলাকার বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দিবাগত রাতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অংশ নেন। এর এক পর্যায়ে জিল্লুর রহমানের শরীরে প্রতিপক্ষের ছোড়া গুলি এসে লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভিডিও