শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে দেশের প্রায় ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে নিয়ে বড় পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াও সরকারের অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে একই সময়ে দেশের সব উপজেলায় টুর্নামেন্টের উদ্বোধনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বরের ৯ তারিখ উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূর্বতারা/ইউডি