চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (নম্বর বিজি-১৪৮) যাত্রী মোহাম্মদ সোহেলের ব্যাগেজ তল্লাশি করে এ সিগারেটগুলো জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানের যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় ‘মন্ড’ ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ‘ইজি লাইটস’ ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
সিগারেটগুলো জব্দ করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনবিআর বলছে, জব্দ সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বতারা/ইউডি