চট্টগ্রামে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, অভিযান চালিয়ে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেননি।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন।