রাঙামাটির কাপ্তাই হ্রদে আগামী ১১ আগস্ট থেকে সব ধরনের মাছ আহরণের অনুমতি দেওয়া হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এরপর ১১ আগস্ট থেকে জেলেরা আবারও হ্রদে মাছ ধরতে পারবেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরের ৩১ জুলাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা থাকলেও মাছের প্রজনন কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আরও ১০ দিন সময় বাড়ানো হয়েছে।
মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
রাঙামাটির মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এতে দীর্ঘমেয়াদে সরকার, জেলে এবং মৎস্য ব্যবসায়ী—সবারই উপকার হবে।