চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ আহুত ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চলছে। হরতালে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কসহ এলাকার একাধিক আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সোমবার (২৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, বালুটিলা, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে জরুরি সেবা যেমন—ফার্মেসি, ক্লিনিক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
হরতাল সমর্থকরা ঢাকা-বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কের অন্তত ৩০ থেকে ৩৫টি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী আলী আকবর ও হাসান শামসুদ্দীন জানান, উপজেলার নাম যখন ‘ফটিকছড়ি উত্তর’, তখন সদর দপ্তরও উত্তরাঞ্চলের ভৌগোলিক সুবিধাজনক স্থানে হতে হবে। জালিয়াতি ও বৈষম্যের মাধ্যমে জনগণের দাবিকে উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত কোথাও কোনো ভাঙচুর, সংঘর্ষ বা আটকের ঘটনা ঘটেনি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী মাঠে কাজ করছে। এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং জরুরি সেবাগুলো স্বাভাবিক চলাচল করছে।”
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “হরতালের প্রথম দিন থেকেই আমরা মাঠে সক্রিয় রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।”
তিনি আরও বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির মতো কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পূর্বতারা/ইউডি/এফকে