,

 

সুইডেন যাওয়া আর হলো না !

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 27 July 2026, 11:08
চ্যাট জিপিটি ইমেজ

রোডরোলার চালানো শিখতে ঠিকাদারের টাকায় স্থানীয় সরকার বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাঁচ কর্মকর্তার সুইডেন যাওয়া আর হলো না! স্থানীয় সরকার বিভাগের জারিকৃত আদেশে সফরটি বাতিল করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (সিটি করপোরেশন-১) মোহাম্মদ রবিউল ইসলাম।তিনি বলেন, সফরটি বাতিল করা হয়েছে। এ-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য মন্ত্রী মহোদয়ের দপ্তরে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত এ বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পর ব্যাপক সমালোচনার মুখে স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

গত ২২ জুলাই গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে জানানো হয়, রোড রোলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের নামে ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ কর্মকর্তা সুইডেন সফরের অনুমোদন পেয়েছেন। ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত তাদের সুইডেন সফরের কথা ছিল।

৬ জুলাই জারি করা স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়। আদেশে স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইমরান হোছাইন খোকার সুইডেন যাওয়ার অনুমোদন ছিল।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার সরবরাহ করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ। গেল ১১ মার্চ রোলারগুলো চসিকের স্টকে যুক্ত হয়। তবে সরবরাহের প্রায় চার মাস পর কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।

চুক্তিপত্র অনুযায়ী, রোলার সরবরাহের সাত দিনের মধ্যে চট্টগ্রামেই একজন উপসহকারী প্রকৌশলী এবং প্রতিটি রোলারের একজন চালককে এক দিনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এ প্রশিক্ষণের ব্যয় বাবদ ১৩ লাখ ১৫ হাজার টাকা বহনের দায়িত্বও ঠিকাদার প্রতিষ্ঠানের ছিল।

পূর্বতারা/ইউডি

ভিডিও