,

 

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 23 July 2026, 01:49

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়ে না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার এনসিপি নেতা চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য, মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। দলীয় সূত্র অনুযায়ী, গত ১৪ মে সদস্য সচিব আখতার হোসেনের সই করা সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে আফতাব মজুমদারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৪ জুলাই নগরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে ভুক্তভোগী জানতে পারেন অভিযুক্ত আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গত ১৯ জুলাই চান্দগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

তবে এ মামলার অভিযোগের বিষয়ে আফতাব মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিডিও