বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের জলকদর খালকে মডেল খাল হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের জলকদর খালের ভাঙন এলাকা পরিদর্শন শেষে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্ত্রী জলকদর খালের বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন শেষে বলেন, জলাবদ্ধতা ও বন্যা থেকে দেশের মানুষকে সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। তার অংশ হিসেবে চট্টগ্রামের বন্যা কবলিত বাঁশখালীর জলকদর খাল, ছড়া নদী ও বঙ্গোপসাগর সংযোগ খাল গুলোর খনন কাজ চলছে। আমি আজ বাঁশখালীর খাল পরিদর্শন করেছি। খনন কাজের কারণে এবার বন্যার ভয়াবহতা তুলনামূলক কম হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে ৫০টি খালকে মডেল খাল হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নেয়া হয়েছে। ওই তালিকায় বাঁশখালীর জলকদর খালকে অন্তর্ভুক্ত করা হবে। বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, মৎস খাত, যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে সরকারের সহযোগিতা অব্যাহত রাখা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন।
ক্ষতিগ্রস্ত ও এলাকার সার্বিক উন্নয়ন ও বাঁধ নির্মাণসহ পানি নিষ্কাসন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন মন্ত্রী।
এসময় বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন, সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, বিএনপি নেতা এড. নাছির উদ্দীন,জাহেদুল হক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি/ ডিএইচ