চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক শিক্ষার্থীকে মারধর ও দীর্ঘ সময় শ্রেণিকক্ষে আটকে রাখার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শিক্ষক মোহাম্মদ মোক্তিয়ার (৪০) উপজেলার কধুরখীল আল কুরআন একাডেমির শিক্ষক। সোমবার রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, কয়েক দিন আগে এক শিক্ষার্থীকে অতিরিক্ত মারধরের অভিযোগ ওঠে। সোমবার শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করলে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী কধুরখীল আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের ছাত্র। গত ৮ জুলাই সকালে খেলাধুলার অজুহাতে শিক্ষক তাকে গালিগালাজ করেন এবং বেত, কিল-ঘুষি দিয়ে মারধর করেন।
শিক্ষার্থীর বাবার অভিযোগ, মারধরের পর ছেলেটির কোনো চিকিৎসার ব্যবস্থা না করে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে শ্রেণিকক্ষে আটকে রাখা হয়। পরে আসরের নামাজের সময় সুযোগ পেয়ে সে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়।