,

 

জীবন দিয়ে দুর্বৃত্তের হাত থেকে গাড়িটিকে বাঁচালেন চালক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 14 July 2026, 03:53

সিলেটের শেরপুর থেকে পণ্যবোঝাই লরি নিয়ে চট্টগ্রাম বন্দর আসছিলেন চালক জামাল উদ্দিন (৫৬)। ব্রাহ্মণবাড়িয়ার ‍উজানিসার সেতুর কাছে আসতেই ৪-৫ জন দুর্বৃত্ত তার লরিতে হামলা চালায়। তারা জামালকে লরি থামাতে সিগন্যাল দেয়। কিন্তু চালক লরি না থামালে দুর্বৃত্তরা সামনের কাচ ভেঙ্গে গাড়ি থামানোর চেষ্টা করে। এতেও চালক জামাল উদ্দিন ক্ষান্ত না হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায়ও চালক লরিটিকে চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনী চলে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।

মীরসরাই উপজেলার জোরারগঞ্জে পণ্যবোঝাই লরি থেকে রক্তাক্ত অবস্থায় চালক জামাল উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ফারদিন মডেল পাম্পের সামনে পার্কিং করা লরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকা।

চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর তিনটার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে লরিটি রওনা দেয়।

পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার সেতু এলাকায় সরু সড়কের কারণে গাড়ির গতি কমে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। লরির সামনের কাচ ভাঙচুর করে চালক জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

তিনি আরও জানান, আহত অবস্থাতেও চালক তাকে কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। লরি চালিয়ে আমরা ফেনী পর্যন্ত চলে আসি। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সহায়তায় লরিটি মীরসরাইয়ের জোরারগঞ্জে নিয়ে আসা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও