টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিনদফা দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা সারাদেশের মত চট্টগামেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শত শত শিক্ষার্থী ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় তারা শিক্ষামন্ত্রীকে নিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ভুয়া ভূয়া’সহ নানারকম স্লোগান দিতে থাকেন।
এসময় তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী আমদেরকে ফার্মের মুরগি বলছে। আমরা বয়লার শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। গতকালকের পরীক্ষা বাতিল করতে হবে। আমরা পরীক্ষার বিরুদ্ধে নই। কিন্তু ভুক্তভোগী পরীক্ষার্থীদের জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেইট থেকে ষোলশহর,মুরাদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে এই রুট সংলগ্ন সড়ক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
পূর্বতারা/ইউডি