,

 

পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 7 July 2026, 06:32

টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর পড়ে এবং একটি বড় গাছ উপড়ে গিয়ে রাস্তা আটকে দেয়। এতে উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ ও মাটি সরিয়ে সড়ক সচলের কাজ শুরু করেন। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ইউএনও জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

ভিডিও