চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানায় যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্তে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের বিষয়ে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সিনিয়র সচিবের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিবের কাছে।
এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনার পর রোববার (৫ জুলাই) সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওসি মুহাম্মদ শরীফকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে। সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।