,

 

পটিয়ার কবরস্থান থেকে উদ্ধার তরুণীর মৃত্যু, পরিচয় শনাক্ত

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 2 July 2026, 09:44

চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম সুমী আক্তার (২১)। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের উত্তর চরলক্ষ্যা এলাকার (জাকির মেম্বারের বাড়ি) বাসিন্দা।

পুলিশ জানায়, সুমী আক্তারের স্বামী মো. আব্দুল্লাহ। তার বাবা মো. আইয়ুব আলী এবং মা ইয়াছমিন আক্তার।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন একটি কবরস্থান থেকে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উদ্ধারের সময় তার পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে বিষপানের আশঙ্কা করা হলেও হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মুখ দিয়ে ফেনা ও মানববর্জ্য বের হয়েছিল। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভিডিও