বুধবার, ২৪ জুন ২০২৬

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:৫৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামের নুর মোহাম্মদ (৩৭), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের কামরুল ইসলাম শেখ (৪৯) এবং আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া গ্রামের শাহাদাত হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে গ্রেফতার ব্যক্তিদের দেহ ও পিকআপ তল্লাশি করে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা পিকআপটি জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিডিও